মৃত্যুর আগে ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন নারী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৯

রাজধানীর হাইকোর্ট এলাকার ফুটপাত থেকে উদ্ধার করা মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃতদেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে মাসুমা আক্তার নামে মৃত ঐ নারীর ময়নাতদন্ত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস। তিনি বলেন, মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছে। এছাড়া তার পায়ে আঘাত ছিল। তার হাতে ও শরীরের বিভিন্ন জায়গায়ও আঘাত ছিল। তবু আমরা কিছু পরীক্ষার জন্য রক্ত, ডিএনএ ও ভিসেরা সংগ্রহ করেছি। পরীক্ষার রিপোর্ট পেলে ফাইনাল রিপোর্ট দেওয়া হবে। তাকে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। সেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানা পুলিশ হাইকোর্ট ও কদমফুল ফোয়ারা সংলগ্ন ফুটপাত থেকে ঐ নারীর মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, তার ডান পায়ের উরু থেকে পায়ের পাতা পর্যন্ত পুরাতন ব্যান্ডেজ করা ছিল। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল বলে ধারণা করছি। পরে কেউ তার সঙ্গে পৈশাচিক ঘটনা ঘটিয়েছে। সন্ধ্যায় নারীর স্বজনরা মৃতদেহ সনাক্ত করেন। মৃত ঐ নারীর বড়ো ভাই মহসিন উদ্দিন জানান, তাদের বাড়ি বরিশালে। চার বছর ধরে মাসুদা মানসিক রোগে ভুগছিল। তিনি জানান, গত ২৩ জানুয়ারি সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না।