বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে চাকরি ও এককালীন অর্থ দেওয়ার প্রস্তাব করেছে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ। ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান প্রশ্নে জারিকৃত রুল শুনানিতে ঐ প্রস্তাব দেওয়ার বিষয়টি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে অবহিত করা হয়।
রাসেলের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা বলেন, আপসের কথা বলে গত দুই মাস ধরে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ কিস্তির টাকা দিচ্ছে না। এতে ওর চিকিত্সা ব্যাহত হচ্ছে। অন্ততপক্ষে আগে কিছু টাকা পরিশোধ করুক। তখন আলোচনায় বসা যাবে। কারণ আমরাও আপস চাই। গ্রীন লাইন পরিবহনের আইনজীবীকে আদালত বলে, রাসেলের তো চিকিত্সা দরকার। কেন আপনারা অর্থ দিচ্ছেন না। আইনজীবী বলেন, কিছু টাকা দেওয়ার পরে আপসের আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এরপর আদালত উভয় পক্ষের আইনজীবীকে বলেন, আপনারা কালকেই (সোমবার) আলোচনায় বসুন। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে। আপস হলে সবাই উপকৃত হবে। এটা দৃষ্টান্ত হিসেবে থাকবে।
পরে রাসেল সরকার সাংবাদিকদের বলেন, গ্রীন লাইন পরিবহন চাকরির যে প্রস্তাবের কথা বলেছে তাতে আমি রাজি নই। এই মামলা করার কারণে ঐ পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে চাকরি দিলেও পরবর্তী সময়ে নানা কারণ দেখিয়ে আমাকে তারা বাদ দিয়ে দিতে পারে। এই আশঙ্কা করছি। এ কারণে সেখানে চাকরি করতে আমি আস্থা পাচ্ছি না।
প্রসঙ্গত এর আগে হাইকোর্ট রাসেল সরকারকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দিতে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। পরে তারা ১০ লাখ টাকা ও চিকিত্সার জন্য আরো কয়েক লাখ টাকা দেয় তাকে।
