সোনারগাঁওয়ে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে গৃহবধূকে মুখ চেপে ধরে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদি এলাকায় এ ঘটনা ঘটে। রওশন আরা জাহান নামে নির্যাতিত ঐ নারী তার স্বামী ও স্বামীর ভাইদের বিরুদ্ধে গত শনিবার রাতে থানায় এ অভিযোগ করেন। নির্যাতিত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ১৫ বছর পূর্বে স্থানীয় মাসুদুর রহমানের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের একটি পুত্র ও একটি কন্যা রয়েছে। ২৬ জানুয়ারি তুচ্ছ ঘটনা নিয়ে গৃহবধূ রওশনকে তার স্বামী অকথ্য ভাষায় গালাগালি করে এবং ঘরের দরজা বন্ধ করে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় তার পরিবারের লোকজনও মারধরে সহযোগিতা করেন। পরে তাকে দরজা বন্ধ করে বাইরে তালা দিয়ে রাখে এবং তার ভাইদেরকে ফোন দিয়ে বাড়িতে এনে ভয়-ভীতি দেখিয়ে তিনটি ১০০ টাকা মূল্যের নন জুডিশিয়াল অলিখিত স্ট্যাম্পে রওশন আরা জাহান ও ভাইদের স্বাক্ষর রাখে। গত পাঁচদিন পর শনিবার কৌশলে বাড়ি থেকে বের হয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আহত গৃহবধূ। পরে গত শনিবার রাতেই রওশন আরা বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। তবে তার স্বামী মাসুদুর রহমান নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন। ওসি মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
