এসএসসি পরীক্ষা একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, হরতাল জনজীবনে কোনো প্রভাব ফেলেনি, সবকিছু স্বাভাবিক রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গতকাল রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি জাতীয় দল, তাদের পক্ষে এ ধরনের একটি হটকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। কারণ কাল (সোমবার) থেকে এসএসসি পরীক্ষা শুরু। জনগণ থেকে দলটি যে বিচ্ছিন্ন, এটি তার প্রমাণ। বিএনপি যদি আবারও আন্দোলনে যায় সেক্ষেত্রে কী করবেন—এ বিষয়ে তিনি বলেন, আন্দোলনের নামে জনগণের ক্ষতি হলে এবং কোনো ধরনের সহিংসতা করলে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।
সিটি ভোট এত কম পড়েছে কেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে উপস্থিতি এবং আগ্রহ কম থাকে। ঢাকায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা বাসা বদল করে। অনেক সময় এক জায়গা থেকে চলে গেলে আর ভোট দিতে আসে না। তারপরও কেন কম লোক ভোট দিল সেটি গবেষণার বিষয়। আসাদুজ্জামান খান কামাল বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। সব নির্বাচনে কিছু না কিছু সহিংসতা থাকে, কিন্তু এ নির্বাচনে এটি হয়নি। সুন্দর এবং ভালো পরিবেশে ভয়ভীতি ছাড়াই ভোটাররা ভোট দিয়েছেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশ ছিল। কেউ যেন পক্ষপাতমূলক আচরণ না করে। সে কারণেই পুলিশ এবার কোনো পক্ষপাতমূলক আচরণ করেনি।
নির্বাচনি সহিংসতায় মোহাম্মদপুরে সাংবাদিক আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, সাংবাদিক আহত হওয়ার বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
