কুমিল্লার মুরাদনগর থেকে অপহূত শিশু মোঃ আল আব্দুল্লাহকে (৭) গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে শুক্রবার উদ্ধার করেছেন র্যাব-১ এর সদস্যরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই অপহরণকারীকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- কুমিল্লার মুরাদনগর থানার মোর্শেদ আলমের ছেলে সাঈদ সুলতান (১৯) ও একই থানার নগরপাড় গ্রামের মোঃ কামাল পাশার ছেলে মোঃ রিয়াজ আহম্মেদ (১৮)।
শনিবার র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ ডিসেম্বর ভিকটিম মোঃ আল-আব্দুল্লাহ (৭) তার নিজ গ্রাম কুমিল্লা জেলার মুরাদনগর হতে অপহূত হয়। তার পিতা মোঃ বাবুল মিয়া অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গত ২০ ডিসেম্বর কুমিল্লা জেলার মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
শুক্রবার আসামিরা মোবাইল ফোনে ভিকটিমের পিতা মোঃ বাবুল মিয়ার কাছে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করে, অন্যথায় তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি দেয়। পরে অপহূতের পিতা বাবুল মিয়া বিষয়টি র্যাবকে জানান। এরপর র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র্যাব সদস্যরা গাজীপুর সদর থানার রাজেন্দ্রপুর সাইন বোর্ড এলাকার একটি বাসা হতে আসামিদের গ্রেফতার ও অপহূতকে উদ্ধার করেন।
