বিশ্বের সেরা দশ ব্র্যান্ডের তালিকায় হুয়াওয়ে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৩

বিশ্বের সেরা দশ ব্র্যান্ডের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। যুক্তরাজ্যভিত্তিক ব্র্যান্ড ভ্যালুয়েশন ও স্ট্র্যাটেজি কনস্যালটেন্সি প্রতিষ্ঠান ‘ব্র্যান্ড ফাইনান্সের’ ‘মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ডস ২০২০’ নামের এ তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

ব্র্যান্ড ফাইন্যান্স তাদের প্রতিবেদনে বলছে, ‘এটা খুবই স্পষ্ট যে, ভবিষ্যতে ফাইভজির তীব্র প্রতিযোগিতাই টেলিকম ইন্ড্রাস্টিতে জায়গা করে নেওয়ার বড়ো সুযোগ। পশ্চিমাদের মতো হুয়াওয়ে এক্ষেত্রে তাদের বাজার সম্প্রসারণ করছে। নানা বিতর্কের পরেও, চীনা প্রতিষ্ঠানটি অপ্রতিরোধ্যভাবে এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে ৬৫.১ বিলিয়ন মার্কিন ডলার। যার ফলে ভ্যালুয়েবল দশ ব্র্যান্ডের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।’  

বিশ্বের ৫০০ প্রতিষ্ঠান নিয়ে করা এ তালিকায় ২০৫টি মার্কিন ব্র্যান্ড জায়গা করে নেওয়ায় দেশ হিসেবে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে চীনের অবস্থান। দেশটির ৭০টি ব্র্যান্ড এ তালিকায় রয়েছে। 

‘মোস্ট ভ্যালুয়েবল সেক্টর’ হিসেবে অব্যাহতভাবে এগিয়ে থাকছে প্রযুক্তি খাত। এ তালিকার ৫০০টির মধ্যে ৪৬টি ব্র্যান্ড প্রযুক্তি খাতের। গাণিতিক হিসাবে ব্র্যান্ডগুলোর মধ্যে ১৪ শতাংশ দখলে রয়েছে খাতটির। প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সমন্বিত ব্র্যান্ড ভ্যালু দাঁড়াচ্ছে ৯৮৬.৫ বিলিয়ন মার্কিন ডলার।