প্রীতি ম্যাচে মোহামেডানের ড্র

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

মুজিববর্ষ উপলক্ষে গতকাল বিকালে আলীগঞ্জ ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপেক্ষে গোল শূন্য ড্র করেছে মোহামেডান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে ৪ গোলে হেরেছিল মোহামেডান। নারায়ণগঞ্জ যাওয়ার পথে আলীগঞ্জ মাঠে চট্টগ্রাম আবাহনীর এবং মোহামেডান ম্যাচ ঘিরে উত্সবমুখর হয়েছিলেন দুই দলের খেলোয়াড়, কোচ কর্মকর্তারা। আবু হাসান প্রিন্স, দলের সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকীব, গোলকিপার ছাঈদ হাসান কানন, চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজীজ, কায়সার হামিদ, বাদল রায়, কোচ মারুফুল হক উপস্থিত ছিলেন। আলীগঞ্জ ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয় এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

মোহামেডান বছরের পর বছর অনুশীলন মাঠ সংকটে ভুগেছে। এবার তাদের সেই ভোগান্তি কিছুটা কমেছে। প্রতিদিন নিজেদের বাসে আলীগঞ্জ মাঠে গিয়ে অনুশীলন করছে মোহামেডান।