রায়পুরে বেড়েছে মোটরসাইকেল চুরি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪১

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে। সংঘবদ্ধ চোরদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন মোটরসাইকেলের মালিকরা। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর শহরসহ আশপাশের এলাকায় একাধিক চক্র এ কাজে জড়িত বলে জানা গেছে। মোটরসাইকেল মালিকরা বিভিন্ন যান্ত্রিক প্রযুক্তির ব্যবহারসহ বাড়তি সতর্কতা অবলম্বন করেও চুরি ঠেকাতে পারছে না।

গত এক মাসে জনপ্রতিনিধি, সাংবাদিক, দলীয় নেতা ও এনজিও কর্মকর্তাসহ অন্তত ২০টি মোটরসাইকেল নিয়ে গেছে এ সিন্ডিকেট। এসব মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় পৃথকভাবে সাধারণ ডায়ারি ও মামলা করা হয়েছে। রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, একের পর এক চুরির ঘটনায় আমরাও উদ্বিগ্ন। মোটরসাইকেল চুরির এ সিন্ডিকেট থেকে জনপ্রতিনিধিরাও বাদ পড়ছেন না।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়ারি করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়।