কলেজ ছাত্রসহ সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৮

কলেজ ছাত্রসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এছাড়া ছাতকে সিএনজি উলটে পাঁচ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। গত রবি ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

স্টাফ রিপোর্টার, বগুড়া :পৃথক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছে। গতকাল ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরের চৌকিরঘাট ও শাজাহানপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দেওয়ানাই সাহাপুর গ্রামের রফিকুলের ছেলে হানজেলা (২৪), মুরাদপুর গ্রামের খাইরুল ড্রাইভারের ছেলে মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮) ও শাজাহানপুরের রবিন (২৪)।

বাগেরহাট :বাগেরহাটে ইট বোঝাই ট্রলি উলটে শেখ সাদি (১৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বাগেরহাট সদর উপজেলার কাঠিগোমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সাদি খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের এসহাক শেখের ছেলে। এদিকে, ট্রাকের ধাক্কায় জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউর রহমান নিহতের ঘটনায় ঘাতক সেই ট্রাকের চালক শেখ তারিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাঠি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছাতক (সুনামগঞ্জ) :ছাতকে পরীক্ষা দিতে যাওয়ার সময় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খুরমা উচ্চ বিদ্যালয়ের পাঁচ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত দুই জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর (মাগুরা) :শ্রীপুরে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কাজে যাওয়ার সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে পা বেঁধে ছিটকে পরে অপর আরোহী আঞ্জু বেগম (২৮) নিহত হয়েছেন। আঞ্জু বেগম উপজেলার করন্দী গ্রামের মো. মানিক শেখের স্ত্রী ।

নগরকান্দা (ফরিদপুর) :নগরকান্দায় পিকআপ-নছিমন মুখোমুখি সংঘর্ষে রাকিব ফকির (১৬) নামে নছিমনচালক নিহত হয়েছে। রবিবার ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার মশাউজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চালক ভাংগা উপজেলার মুনসুরাবাদ গ্রামের হাসমত ফকিরের ছেলে।