বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) আগামীকাল থেকে চার দিনব্যাপী ‘জনপ্রশাসন ও উন্নয়ন’ বিষয়ক ৭ম আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. মুনির হোসেন এমডিএস, অতিরিক্ত সচিব জাফর ইকবাল এমডিএস, যুগ্ম সচিব সৈয়দ মিজানুর রহমান এমডিএস, কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান, গবেষণা কর্মকর্তা মো. হাসিব মামুন প্রমুখ। এ সময় কেন্দ্রের পরিচালক (প্রশাসন) মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ডসহ ৩০টি দেশের প্রতিনিধিগণ অংশ নেবেন। এছাড়া এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পলিসি মেকারদের সমন্বয় ঘটবে এ আন্তর্জাতিক সম্মেলনে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সমাপনী সেশনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
