বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে। বর্তমানে ৩ হাজার ২২০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশটিতে উচ্চশিক্ষার জন্য ভাষা কোনো বাধা নয় বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ। গতকাল সোমবার ঢাকার জার্মান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্জ, জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের (ডাড) আঞ্চলিক পরিচালক ড. কাত্জ লেশ, ডাড ইয়ং অ্যাম্বাসেডর খন্দকার মুজাদ্দিদ হায়দার, ডাড অ্যালমনাই শাহাদত্ হোসেইন ও মারুফা আক্তার।
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্জ বলেন, বাংলাদেশের দিনে দিনে অগ্রগতি ও সমৃদ্ধি হচ্ছে। সে কারণে উচ্চশিক্ষার চাহিদাও বাড়ছে। ডাডের আওতায় জার্মানি মানসম্মত শিক্ষার সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরা জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারেন।
ডাড আঞ্চলিক পরিচালক ড. কাত্জ লেশ বলেন, জার্মানিতে বর্তমানে ৩ হাজার ২২০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। দিনে দিনে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে। একাডেমিক শিক্ষা বিনিময়ে ডাড ১৯৫২ সাল থেকে কাজ করছে। ডাড কর্মসূচির আওতায় ১৫ লাখেরও বেশি শিক্ষার্থী শিক্ষা লাভ করেছেন।
ড. কাত্জ লেশ বলেন, জার্মানিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে মাস্টার্স কোর্সে ইংরেজি ভাষায়ও শিক্ষার সুযোগ রয়েছে। সে কারণে ভাষা এখানে কোনো বাধা নয়। জার্মান ভাষা ছাড়াও ইংরেজিতেও শিক্ষার্থী শিক্ষা লাভ করতে পারবেন।
