ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়

শ্রেণিকক্ষ সংকটে পাঠদান চলছে মাঠে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগর উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। পর্যাপ্তসংখ্যক ছাত্রছাত্রী থাকলেও নেই প্রয়োজনীয় অবকাঠামো। সংকট রয়েছে শ্রেণিকক্ষের। ফলে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে গাদাগাদি করে বসে কোনোরকম পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষকদের দাপ্তরিক কাজ ও বসার জন্য নেই কোনো আলাদা কক্ষ। ঝড়-বৃষ্টির সময় ছাত্রছাত্রীদের নিরাপত্তাসহ নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হয়।

ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী পলক পারভেজ, সুমাইয়া আকতার, দশম শ্রেণির তানিয়া আকতার ও সজিব আহমেদসহ অনেকে বলে, শ্রেণিকক্ষের অভাবে আমরা খোলা আকাশের নিচে অনেক কষ্টে গাদাগাদি করে বসে পাঠ গ্রহণ করছি। মেয়েদের কমনরুম, কম্পিউটার ল্যাব ও গ্রন্থাগার না থাকার কারণে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসনাত খান হাসান বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকটসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে পরিত্যক্ত ভবনগুলো ভেঙে আধুনিক মানের নতুন ভবন নির্মাণ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করলে সুন্দর ও সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করতে পারবে।

ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহার হোসেন বলেন, শ্রেণিকক্ষ সংকট আমাদের চলার পথের বড়ো অন্তরায়। অতিদ্রুত কক্ষ সমস্যা দূর করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়সহ আরো কয়েকটি বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। ইতিমধ্যে ঐ বিদ্যালয়ে একটি নতুন ভবন বরাদ্দ হয়েছে। আশা করি দ্রুত নির্মাণ কাজ শুরু হবে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম বলেন, ঐতিহ্যবাহী ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে দ্রুত আধুনিক মানসম্মত ও আইসিটি সুবিধাযুক্ত একটি ভবন নির্মাণ করা হবে।