রংপুর অঞ্চলে সবজি চাষে ঝুঁকছে কৃষক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯

স্টাফ রিপোর্টার, রংপুর

আবহাওয়া অনুকূলে থাকা, কম পরিশ্রম ও অল্প পুঁজিতে ভালো ফলন এবং দাম ভালো পাওয়ায় রংপুর অঞ্চলে দিন দিন বাড়ছে সবজি চাষ। ছাড়িয়ে যাচ্ছে লক্ষ্যমাত্রা। এবার রংপুরের পাঁচ জেলায় লক্ষ্যের চেয়েও ১ হাজার হেক্টর বেশি জমিতে সবজি আবাদ হয়েছে বলে জানিয়েছে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রংপুর অঞ্চলে লক্ষ্যমাত্রা ৩৭ হাজার ৭০৭ হেক্টর নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৩৮ হাজার ৭৩৬ হেক্টর জমিতে। কৃষি বিভাগ বলছে, শস্য বিন্যাসের পাশাপাশি চাহিদা ও উত্পাদন কাছাকাছি থাকায় সবজির ভালো দাম পাচ্ছেন চাষিরা। শুধু তাই নয়, কৃষকদের সবজি চাষে আগ্রহী করতে মাঠ দিবসের পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। এ কারণে এ বছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের কৃষক নুর হোসেন ও কৃষক হালিম মামুদ জানান, আগে তারা শুধু ধান চাষে নির্ভরশীল ছিলেন। কিন্তু গেল কয়েক বছর ধরে ধানের পাশাপাশি সবজিও আবাদ করছেন। কম পরিশ্রম ও অল্প পুঁজিতে ভালো ফলন এবং দাম ভালো পাওয়ায় সবজির চাষাবাদ দিন দিন বাড়ছে। রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা হাসান সারোয়ার বলেন, শস্য বিন্যাসের পাশাপাশি চাহিদা ও উত্পাদন কাছাকাছি থাকায় কৃষকরা সবজিতে ভালো দাম পাচ্ছেন। এখন বাজারে সব ধরনের ফসলের উত্পাদন সমান হওয়া এ অঞ্চলের কৃষকরা আগের তুলনায় সবজি আবাদে ঝুঁকে পড়ছে।

অন্যদিকে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান বিশেষজ্ঞ কৃষিবিদ খোন্দকার মো. মেসবাহুল ইসলাম বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি আবাদ হয়েছে। এবার আবহাওয়া পুরোপুরি সবজি আবাদের অনুকূলে আছে।