অসময়েও পাথরঘাটায় ধরা পড়ছে ইলিশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

মৌসুম শেষ হলেও পাথরঘাটায় বঙ্গোপসাগর ও তার মোহনা সংলগ্ন বিষখালি, বলেশ্বর নদী ও গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশসহ নানা ধরনের সামুদ্রিক মাছ। স্থানীয় বাজারগুলোতেও প্রচুর ইলিশের দেখা মিলছে। আর বাজারে চাহিদাও রয়েছে ব্যাপক এবং দামও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, অবতরণ কেন্দ্র পাথরঘাটার জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীদের দম ফেলার ফুরসত নেই। কেউ মাছের ঝুড়ি টানছেন, কেউ প্যাকেট করছেন, আবার কেউ কেউ সেই প্যাকেট দেশের বিভিন্ন স্থানে পাঠাতে তুলে দিচ্ছেন ট্রাকে। সব মিলিয়ে যেন শেষ সময়ও আনন্দের জোয়ার বইছে। এদিকে শেষ সময়ে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় স্বস্তিতে রয়েছে জেলেপল্লিগুলো। মাছ ভর্তি যান্ত্রিক নৌযান কিংবা মাছ ধরার (ফিশিং) ট্রলার নিয়ে জেলেরা গভীর সমুদ্র থেকে হাসিমুখে ফিরছেন। আবার অনেকে মাছ ধরার জন্য ছুটছেন সাগরে। জেলেরা জানান, মৌসুম অনেক আগেই শেষ হলেও নদী ও সাগরে ইলিশসহ নানা ধরনের সামুদ্রিক মাছ ধরা পড়েছে। আর বিক্রি করেও ভালোই লাভ করছেন তারা। তাদের জেলেপল্লিতে এখন আনন্দের বাতাস বইছে। পাইকার রফিকুল বলেন, তিনি এই অবতরণ কেন্দ্র থেকে মাছ কিনে দেশের বিভিন্ন জেলায় চালান করেন। পাথরঘাটা মত্স্য অবতরণ কেন্দ্রে আসা মাছ অনেক ভালো বলে জানান তিনি। পাথরঘাটা উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন, উত্পাদন বৃদ্ধিতে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞায় সরকারি আইন বাস্তবায়নে মত্স্য বিভাগের পাশাপাশি প্রশাসনের ব্যাপক ভূমিকা ছিল। নিষেধাজ্ঞার সময় জেলেরা সব ধরনের মাছ শিকার থেকে বিরত ছিলেন। যে কারণে বিগত বছরগুলোর চেয়ে এবার ইলিশের উত্পাদন অনেক বেশি হয়েছে।