গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে মেয়েকে হত্যার অভিযোগে মা ও স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম মিলা খাতুন (২০)। গ্রেফতারকৃতরা হলো মিলা খাতুনের মা রত্না বেগম (৩৫) এবং স্বামী নয়ন (৩০)।
গাজীপুর মেট্রো পুলিশের বাসন থানার এসআই উত্পল কুমার সাহা ও স্থানীয়রা জানান, মিলাকে নিয়ে নয়ন গাজীপুর সিটি করপোরেশনের মোগড়খাল এলাকার কবির হোসেনের বাড়িতে ভাড়া থেকে দর্জির কাজ করেন। নয়ন ও মিলার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ বিষয়ে নয়ন শাশুড়ি রত্নাকে জানায়। রত্না ঘটনার রাতে মেয়ের ভাড়া বাসায় যায়। এ সময় শাসনের একপর্যায়ে ওড়না দিয়ে মেয়ের গলায় ফাঁস দেয়। এতে সে নিস্তেজ হয়ে পড়লে স্বজনরা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এসআই আরো জানান, এ ঘটনায় নিহতের মা ও স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
