চাঁদপুরে ট্রলার থেকে অস্ত্র ও মাদক জব্দ আটক ১৪

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীর লগি্গমারা চরে ডাকাত সন্দেহে ১৪ ট্রলার ও ড্রেজার শ্রমিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় দুইটি ট্রলার ও একটি ড্রেজারও জব্দ করা হয়। সোমবার রাতে কোস্টগার্ড মেঘনা নদীতে এ অভিযান চালায়।

কোস্টগার্ড জানায়, নদীতে ট্রলার দেখলে থামানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু না থামানোয় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে তারা একটি বাল্কহেডে গিয়ে পালালে সেখান থেকে আটক করা হয়। এ সময় কিছু দেশীয় অস্ত্র, ১০ পিস ইয়াবা ও কিছু গাঁজা উদ্ধার করা হয়। চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুত্ফর রহমান বলেন, আটককৃত ১৪ জন জানিয়েছে তারা ট্রলার ও ড্রেজার শ্রমিক। দৈনিক হাজিরাভিত্তিতে ড্রেজারে কাজ করে।