পাকিস্তানে গেল আত্মবিশ্বাসী দল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯

স্পোর্টস রিপোর্টার

সাকিব আল হাসান নিষিদ্ধ। মুশফিকুর রহিম নিজেদের সফর থেকে প্রত্যাহার করে নিয়েছেন। পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে খেলার মাত্র দুই দিন আগে যাচ্ছে দল; অনুশীলন ম্যাচ পর্যন্ত নেই।

এই অবস্থায় পাকিস্তান সফর করাটা টেস্ট দলের জন্য মোটেও সহজ কাজ নয়। তারপরও এই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে বাংলাদেশ। আর সেই চ্যালেঞ্জ নিতেই গতকাল সন্ধ্যা থেকে দুই ভাগে বিভক্ত হয়ে পাকিস্তান সফরে রওয়ানা হয়ে গেল বাংলাদেশ দল। যাওয়ার আগে অনেক খেলোয়াড়-কর্মকর্তা বলে গেলেন তাদের আত্মবিশ্বাসের কথা।

দলের সঙ্গে পাকিস্তান সফরে যাওয়া নির্বাচক হাবিবুল বাশার বলছিলেন, তারা পাকিস্তানের চ্যালেঞ্জ নিতে চান, ‘পাকিস্তানে খেলা অনেক বেশি চ্যালেঞ্জিং অবশ্যই। আমরা যখন গিয়েছিলাম সেটা তো অনেক আগে। তখনকার পাকিস্তান এমন ছিল না, আমাদের দলটিও এখনকার মতো ছিল না। এখন অনেক শক্তিশালী আমাদের দল। পাকিস্তান নিজেদের মাটিতে অনেক শক্তিশালী প্রতিপক্ষ। আমরা সম্প্রতি কয়েকটি টেস্টে ভালো করিনি, তবে এটা আমাদের জন্য বড়ো চ্যালেঞ্জ ভালো কিছু করার। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপটা আমরা ভালোভাবে শুরু করতে পারিনি। যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে এটা অনেক ভালো এবং বড়ো একটি সুযোগ আমাদের জন্য।’

এই সফরে মুশফিকুর রহিম না থাকায় মিডলঅর্ডারে আবারও দায়িত্ব সামলাতে হবে মোহাম্মদ মিঠুনকে। মিঠুন সে চ্যালেঞ্জ নিতে তৈরি। তিনি বলছিলেন, ‘অবশ্যই মুশফিক ভাই সাকিব ভাইয়ের যে অভিজ্ঞতা বা তাদের যে পারফরম্যান্স, ওনাদের মতো খেলোয়াড় না থাকলে আমাদের মতো একটা দলকে মিস করতেই হয় সবসময়। তাদের গ্যাপ পূরণ করাও কঠিন। তারপরও আমরা যারা আছি যদি সেরাটা দিতে পারি হয়তো বা বেটার কিছু হবে।’

ফাস্ট বোলার এবাদত হোসেন বলছিলেন, পাকিস্তানের এই ভেন্যুতে আগে না খেললেও তারা ভেন্যু সম্পর্কে শুনে প্রস্তুতি নিয়েছেন, ‘আমি যতটুকু শুনেছি পাকিস্তানের উইকেট মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি হয়। তো ওভাবে আমরা প্রস্তুতি নিয়েছি যদি ব্যাটিং ফ্রেন্ডলি হয় কী রকম অ্যাটাক করতে হবে। আমরা বিসিএলের একটা ম্যাচ খেলেছি ওখানে চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার এবং প্রস্তুতি নেওয়ার ঠিকঠাক করে।’

বাহাতি স্পিনার নাঈম সর্বশেষ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন দলকে জেতানোর পথে। তিনি বলছিলেন, ‘আমার লক্ষ্য থাকবে ভালো জায়গায় বোলিং করা। প্রস্তুতি আল্লাহ্?র রহমতে অনেক ভালো। বিসিএল খেলাতে আমাদের বেশ উপকার হয়েছে।’

ওপেনার সাইফও ভালো প্রস্তুতির কথা বলছিলেন। যদিও বিসিএলে তিনি রান পাননি, তারপরও বলছিলেন, ‘প্রস্তুতি আমাদের অনেক ভালো ছিল। আমরা বিসিএলের একটা রাউন্ডে অনেক ভালো ম্যাচ খেলেছি। আর অনুশীলনও বেশ ভালো হয়েছে, ম্যাকেঞ্জি ছিল, কুক ছিল। সবমিলিয়ে ভালো প্রস্তুতি আমাদের।’