সাভার উপজেলার আশুলিয়া থেকে অপহরণের ৭দিন পর এক স্কুলছাত্রীকে পাবনা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী রাসেলকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ৫ নভেম্বর আশুলিয়ার পলাশবাড়ি নামাবাজার এলাকা থেকে স্থানীয় শাহিন পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় বখাটে রাসেল। এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পরের দিন আশুলিয়ার থানায় একটি সাধারণ ডায়েরি করলে সোমবার পাবনার সাথিয়া থানার চর দত্তকান্দি গ্রাম থেকে তাকে উদ্ধার এবং বখাটে রাসেলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাসেল আশুলিয়ার পলাশবাড়ি বটতলা এলাকার জালাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় নামাবাজার এলাকার কামাল টেক্সটাইল কারখানায় চাকরি করে বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে স্কুলছাত্রীর বাবা। বিষয়টি তদন্ত করতে গিয়ে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে পাবনার সাঁথিয়া থানা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অপহরণকারী বখাটে রাসেলও আটক করা হয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
