সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪১

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের মন্ত্রী-এমপিরা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের মাস্টারমাইন্ডদের এখনো বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে। অনেক আমলা-বড়ো কর্মকর্তারা বক্তব্য শেষে জয় বাংলা বলতে ভয় পান। তাই আইন করে জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগানের স্বীকৃতি দিয়ে সবাইকে বক্তব্য শেষে জয় বাংলা বলতে বাধ্য করতে হবে।

প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব দাবি জানান। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সরকারি দলের সৈয়দা জাকিয়া নূর, মোহাম্মদ এবাদুল করিম, আয়েশা ফেরদৌস, নাদিরা ইয়াসমীম জলি এবং বিরোধী দল জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার ও আহসান আদিলুর রহমান।

অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী, প্রাজ্ঞ ও জনকল্যাণকামী সিদ্ধান্তের কারণে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আরো এগিয়ে যাব।

সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, বাংলাদেশ আর দরিদ্র, ক্ষুধাপীড়িত দেশ নয়, সারাবিশ্বে উন্নয়নের রোলমডেল। বুয়েটে এক শিক্ষার্থীকে হত্যা, নারীর প্রতি সহিংসতা এসব মানবিক মূল্যবোধের অবক্ষয় কেন হচ্ছে—তা গবেষণার প্রয়োজন রয়েছে। আর অনেক আমলা এখনো জয় বাংলা বলতে ভয় ও লজ্জা পান। এটা হতে পারে না। রাষ্ট্রপতি থেকে পিওন পর্যন্ত সবার বক্তব্য শেষে জয় বাংলা বলতে হবে, এটা জাতীয় স্লোগান হওয়া উচিত।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ঢাকা-যশোর, নারায়ণগঞ্জ-জয়দেবপুর এবং ঢাকা-কক্সবাজার রুটে ইলেকট্রিক ট্রেন পরিচালনারও পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া আগামী জুন হতে ঢাকা-শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল করবে।

জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার বলেন, অনেকে বলেন এরশাদ ছিলেন স্বৈরাচার! স্বৈরাচার হলে আওয়ামী-বিএনপি আন্দোলন-হরতাল করলেন কীভাবে?

সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।