মালাবিতে প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়ম, ফল বাতিল আদালতের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪২

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাবিতে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করেছে আদালত। অনিয়মের অভিযোগে গত বছর অনুষ্ঠিত নির্বাচনের ফল গতকাল বাতিল করে সাংবিধানিক আদালত। ঐ নির্বাচনের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট মুথারিকা ক্ষমতায় আসেন। কিন্তু নির্বাচনের পরই ফল বাতিলের দাবিতে দেশটিতে অস্থিরতা সৃষ্টি হয়। খবর আল-জাজিরার

গতকাল রায়ে আদালত নতুন করে ভোটাভুটির আয়োজনেরও নির্দেশ দেয়। ১৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন দিতে নির্দেশ দিয়েছে পাঁচ বিচারপতির বেঞ্চ। ৫০০ পৃষ্ঠার রায়ে আদালত বলেছে, ফ্লুইড দিয়ে ভোটার সংখ্যার পরিবর্তন, ফলাফলের নকল শিট এবং স্বাক্ষরবিহীন ফলাফলের ফরম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। আদালত বলেছে, গত বছরের ২১ মের নির্বাচন সঠিকভাবে হয়নি এবং জনগনের ভোটাধিকারকে হরণ করেছে। আদালত নির্বাচন কমিশনের যুুক্তিকেও প্রত্যাখ্যান করেছে। আদালত জানিয়েছে, নির্বাচন হতে হবে অধিক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। এই নীতি পার্লামেন্ট দুই বছর আগে বাতিল করে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার নীতি চালু করে। মালাবি নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রেসিডেন্ট পিটার মুথারিকা ৩৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বি লাজারাস চাকবেরা ৩৫ শতাংশ এবং ভাইস প্রেসিডেন্ট চালোস সিলিমা ২০ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন। বাকি চার প্রার্থী গড়ে ৬ ভাগ ভোট পেয়েছিলেন।

আট মাস আগের নির্বাচনের পর মালাবিতে ব্যাপক বিক্ষোভ চলে। তারা প্রধান নির্বাচন কমিশনার জেন আনসার পদত্যাগের দাবিও করে আসছেন। দেশটিতে এর আগেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করা হলো। আফ্রিকার সাব সাহারা অঞ্চলের দ্বিতীয় কোনো দেশের ফলাফল বাতিল করল আদালত। এর আগে ২০১৭ সালে কেনিয়ার আদালত প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করে দিয়েছিল।