ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় একজন নিহত ও অপর পাঁচ যাত্রী আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৩৫)। তিনি ত্রিশাল উপজেলার মাগুরজোড়া গ্রামের বলে জানা যায়।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারা নামকস্থানে ময়মনসিংহগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস পেছন দিক থেকে সিএনজিকে ধাক্কা দিলে সিএনজির একযাত্রী নিহত ও অপর পাঁচ যাত্রী আহত হয়।
আহতরা হলেন- উপজেলার চাউলাদী গ্রামের রফিকুল ইসলাম (৪৫), বুলু মিয়া (৩০), আবুল কালাম (৪০), মাগুরজোড়া গ্রামের লাল মিয়া (৩৮) এবং বীররামপুর গ্রামের মজিবুর রহমান (৩৫)।
আরো পড়ুন: ভয়ে বাঘটি মেরেই ফেললো এলাকাবাসী
ত্রিশাল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক হাসান জানান, রফিকুল ইসলাম, লাল মিয়া, বুলু মিয়া ও আবুল কালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/কেআই
