ঐতিহাসিক সহরাই উত্সব পালিত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩২

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহাসিক সহরাই উত্সব পালিত হয়েছে। জেলার পোরশা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহাসিক সহরাই উত্সব উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন  বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সাংস্কৃতিক দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহরাই উত্সব উপলক্ষে অনুষ্ঠানস্থল যেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। এ উপলক্ষে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এদিন দুপুরে জাতীয় আদিবাসী পরিষদের নেতা মহিন্দ্র পাহানের সভাপতিত্বে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহনশীলতা প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাইজুল শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট মহিলা কলেজের প্রভাষক এস সি আলবার্ট সরেন। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করেন।