ঘাগড়া ও শের আলী স্কুলের শিরোপা জয়

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪০

চট্টগ্রামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

পার্বত্য জেলা রাঙ্গামাটির ঘাগড়া সরকারি প্রাইমারি স্কুল চট্টগ্রাম বিভাগীয় বঙ্গমাতা স্কুল ফুটবল এবং কক্সবাজারের পেকুয়া হাজি শের আলী সিকদার সরকারি প্রাইমারি স্কুল বঙ্গবন্ধু স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবলের ফাইনালে ঘাগড়া স্কুল ৭-০ গোলে খাগড়াছড়ির ঠাকুরছড়া প্রাইমারি স্কুলকে হারিয়ে এই কৃতিত্ব দেখায়। দলের হয়ে তিশা তালুকদার ও প্রতিষ্ঠা চাকমা ২টি করে এবং এন্টি চাকমা, অরিত্রি চাকমা, পায়েল চাকমা অপর গোলগুলো দেন।

একই ভেন্যুতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে হাজি শের আলী সিকদার স্কুল ৩-০ গোলে চাঁদপুরের কুমুরিয়া সূর্য রায় নন্দী স্কুলকে পরাজিত করে। দলের হয়ে মিজান, আরাফাত ও সিরাজুল গোল করেন। তবে কক্সবাজার দলে এমন কয়েকজন খেলোয়াড় ছিল, যাদের গড় বয়স ১৪/১৫ বছর।

বঙ্গমাতা ফুটবলে সেরা খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর স্কুলের ছাত্রী পূজা রানী দাশ এবং বঙ্গবন্ধু ফুটবলের সেরা খেলোয়াড় মিজানকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. সুলতান মিয়া, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু এসময় উপস্থিত ছিলেন।