বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

বেনাপোল (যশোর) সংবাদদাতা

করোনা ভাইরাস দেখা দেওয়ায় বেনাপোল চেকপোস্টে বুধবার সকাল থেকে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভারত হয়ে যে সকল বিদেশি পর্যটক বাংলাদেশে প্রবেশ করছে তাদের চেকপোস্ট স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। কয়েক সপ্তাহ ধরে শুধু দেশি-বিদেশি যাত্রীদের পরীক্ষা করা হলেও বুধবার থেকে শুরু হয়েছে  ভারত বা মহারাষ্ট্র থেকে আসা সকল ট্রাক ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা। তবে বেনাপোল চেকপোস্টে থার্মার স্কানার মেশিনটি সচল থাকলেও তার মনিটরটি অচল থাকায় পরীক্ষা কার্যক্রম  সম্পন্ন হচ্ছে না। বেনাপোল একটি আন্তর্জাতিক চেকপোস্ট। এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকেন। করোনা ভাইরাসের জীবাণু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে তার জন্য গত ১৮ জানুয়ারি থেকে বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানান মেডিক্যাল অফিসার আব্দুল মজিদ।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা জানান, চীনে করোনা নামের একটি ভাইরাস দেখা দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে চিঠি জারি করেছে সতর্কতা অবলম্বন করার জন্য। বেনাপোল চেকপোস্টেও সেই সতর্কতা পালন করা হচ্ছে। এ রোগে সাধারণত মাথা ব্যথা, ঠান্ডা কাশি অনুভবসহ নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এ রোগের তেমন কোনো ওষুধ না থাকায় এর থেকে মুক্তির উপায় নিবিড় পরিচর্যা।