পলিথিনে মোড়ানো মস্তকবিহীন ৭ টুকরা লাশ উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:১৫

সাভার উপজেলার আশুলিয়া থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মস্তকবিহীন ৭ টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া আমেনা মসজিদের কাছে একটি সড়কের পাশ থেকে লাশের টুকরোগুলো উদ্ধার করে পুলিশ।

মরদেহের টুকরোগুলোর পেটের অংশটির নীচে তিনটি গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে নিহতের দেহের গঠন দেখে লাশটি পুরুষের বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, লাশটি কয়েকদিন আগের হবে বলে ধারণা করা হচ্ছে। লাশের টুকরোগুলোর সাথে পরনের কোন জামাকাপড় ছিল না। ধারণা করা হচ্ছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে লাশটি টুকরো টুকরো করে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেয়া হয়েছিল। সোমবার রাতের কোন একসময় পলিথিনে ভর্তি মৃতদেহের খণ্ডিত অংশগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করে মৃতদেহের বাকী অংশসহ মস্তকটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ইত্তেফাক/আরকেজি