ইত্তেফাক ডেস্ক
‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সারা দেশে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
পিরোজপুর : সকালে স্থানীয় টাউন উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা গ্রন্থাগারে গিয়ে শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহমেদ মাইনুল হাসান, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার পাল। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মতিয়ার রহমান।
ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে সার্কিট হাউজের সামনে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলাম লিমনের সভাপতিত্বে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
মাদারীপুর : স্থানীয় স্বাধীনতা অঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাইব্রেরিয়ান মো. বেলায়েত হোসেন।
পঞ্চগড় : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শেষে পঞ্চগড় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কুমিল্লা : জেলা শিল্পকলা একাডেমী থেকে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। পরে জেলা গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. নাফিস সাদিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহ আল মামুন।
ভোলা (দক্ষিণ) : ভোলা সরকারি গণগ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে ভোলা জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার অডিটোরিয়ামে আলোচনা সভা হয়।
