সিনেটে অভিশংসনের হাত থেকে বেঁচে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিলেন। মঙ্গলবার কংগ্রেসে দেওয়া বার্ষিক এই ভাষণে ‘মহান আমেরিকার পুনরুত্থান ঘটেছে’ বলে দাবি করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিকে সামনে রেখে কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব ইউনিয়ন ভাষণ দিয়ে থাকেন।
এক ঘণ্টা ১৮ মিনিটের ওই ভাষণে ট্রাম্প বলেন, অকল্পনীয় গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। মাত্র তিন বছরেরও কম সময়ের মধ্যে আমরা আমেরিকানদের মানসিকতার উন্নতি ঘটিয়েছি এবং আমেরিকাকে ডুবন্ত পরিস্থিতি থেকে তুলে এনেছি। আমরা যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি তা মাত্র কিছু দিন আগেও ছিল অকল্পনীয়। আমরা আর কখনওই পেছনে ফিরে যাব না।
ভাষণে বিরোধী দল ডেমোক্র্যাটদের বারবার আক্রমণ করেন ট্রাম্প। বিরোধী দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্সের মতো বামপন্থিদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা সমাজতন্ত্রকে আমেরিকার স্বাস্থ্যসেবাকে ধ্বংস করতে দেব না’। ক্ষমতায় আসার আগে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানকে নির্বাচনি প্রচারণার অস্ত্র করেছিলেন
ট্রাম্প। তার এই মহান আমেরিকা দিয়ে তিনি সেই কলম্বাসের আবিষ্কৃত আমেরিকাকে বুঝিয়ে থাকেন, যা শ্বেতাঙ্গ আাাধিপত্যেরই নামান্তর।
ট্রাম্প ভাষণে তাকে ঘিরে হওয়া অভিশংসন নাটকের প্রসঙ্গ সরাসরি এড়িয়ে যান। ভাষণের পর রিপাবলিকান আইনপ্রণেতারা দাঁড়িয়ে প্রেসিডেন্টকে অভিবাদন জানালেও ডেমোক্র্যাটদের বেশির ভাগই নিশ্চুপ বসে ছিলেন। ‘আমাদের দেশ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী’, ট্রাম্প ভাষণে এ কথার সময় বিরোধী দলের সদস্যদের মাথা নাড়িয়ে অসম্মতি জানাতে দেখা যায়। ট্রাম্প দাবি করেন, বারাক ওবামার চেয়ে তার শাসন আমল ভালো চলছে। নির্বাচিত হওয়ার পর গত তিন বছরে মার্কিন অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং চাকরির পরিমাণ বেড়েছে বলেও দাবি করেন তিনি। ভাষণে অভিবাসনপ্রত্যাশীদের মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকা যে কোনো মূল্যে ঠেকানোর কথাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি আরো বলেন, আমরা মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধ শেষ করতে কাজ করছি।
স্পষ্ট হলো বিরোধ: প্রেসিডেন্টের অভিশংসন নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে তিক্ততা কোন পর্যায়ে পৌঁছেছে তা প্রকাশ্যে এলো মঙ্গলবার। বার্ষিক এ ভাষণের আগে রীতি অনুযায়ী ট্রাম্প তার বক্তৃতার একটি কপি প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির হাতে তুলে দিয়েছিলেন। এ শীর্ষ ডেমোক্র্যাট তখন সৌজন্যবশত হ্যান্ডশেক করার জন্য তার হাত বাড়িয়ে দেন। কিন্তু ট্রাম্প তাতে ভ্রুক্ষেপ না করে পেছনে ফেরেন।
তবে ট্রাম্পের ওই আচরণের শোধও তুলেছেন ন্যান্সি। বক্তৃতা শেষে প্রেসিডেন্ট যখন রিপাবলিকান আইনপ্রণেতাদের জানানো অভিবাদনের জবাবে হাততালি দিচ্ছিলেন, সে মুহূর্তেই ঠিক পেছনে দাঁড়ানো ন্যান্সিকে রাগান্বিত ভঙ্গিতে প্রেসিডেন্টের ভাষণের কপি টুকরো টুকরো করে টেবিলের উপর রাখতে দেখা যায়।
