প্রেম ও প্রকৃতির কবিতা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫০

খোঁপার রঙিন ফুল

 

যার পাশে কোনোদিন বসিনি

রাখিনি হাতে হাত

সে কী করে—

আমার মনে বসে গেল

নিল কেড়ে সব কাজ।

কথাও তো হয়নি দু’দণ্ড কোনোদিন।

তবুও কেন এত কথা বলা

মনের অজান্তে মনে মনে চলা।

কল্পনায় দিই অঞ্জলি

তোমাকে জড়াই সুখের শাখা-প্রশাখায়।

রাতের পর রাত চলে যায়

অনুভূতি সে কী শক্তি!

 

প্রকৃতি-ই দিয়ে গেল যেন

ভালোবাসার যত প্রাপ্তি।

রাত দিন ভর যত কড়া নাড়ো

দৃষ্টি পলক পেরিয়ে হও সুদূর

জাদুমন্ত্রে ঢুকে যাও মনের অন্তঃপুর।

 

আমি সেই আভায় কখনো

লাল রঙে রাঙা হয়ে উঠি

কখনো সবুজ নীলে কালো,

শরতের মেঘে সাদা ভেলা হয়ে

লুটাই কাশবনে আবার

ভালোবাসার হলুদ পাতারা

আদরে যত্নে বলে কানে কানে

হাজার প্রশ্ন তাদের

সব প্রশ্ন ভেঙে—

একটি প্রশ্নই উঠে আসে

খোঁপার রঙিন ফুলে।

একটুখানি

 

আমি যে জ্বরে ভুগছি

সে জ্বরের তাপমাত্রা কী?

তুমিও অনুভব কর।

যে কষ্ট আমার

বৃষ্টিতে ভিজেও পুড়িয়া যায়।

পদ্মার বুকে ভেসেও গলা শুকায়

তৃষ্ণার জল ঢালি যতবার

তবুও তৃষ্ণা থাকে

হূদয়ে আমার

তোমাকে দেখার আশায়।

 

বাতাসের গতিবেগে ঝড় হয়

মনের ঝড় মাপার যন্ত্র কোথায়।

এই মনে আজ তাণ্ডব

ঝড় বয়ে যায়।

হূদয়ে একটি শিমুল ফোটা

দেখার অপেক্ষায়

তুমি থাক না আমার

সঙ্গে কিছুটা সময়।

খুব বেশি হবে কি ক্ষতি একটুখানি—

পাশে পাই যদি।

পাখিটি

 

ঘৃণা কর তুমি যত

ভালোবাসা পবিত্র।

চোখের জল কেড়ে নাও

ফুরাবে না সমুদ্র।

ফুলগুলো সব ছিঁড়ে ফেলে দাও

আসবে তবুও বসন্ত।

ছুড়ে ফেলে দাও সব আয়োজন

যাবে না সময় থমকে।

একদিন তুমি আমায় দেখে

জানি উঠবে চমকে।

অবহেলায় চেপে রাখা গাছ

কীভাবে এমন দাঁড়াল

তুচ্ছ ক্ষুদ্র সেই পাখিটি আজ

ভালোবাসার গান শোনাল

।প্রেম ও প্রকৃতির কবিতা

পারভীন রেজা

প্রচ্ছদ :শাকীর এহসানুল্লাহ

প্রকাশক : অন্বেষা প্রকাশন

দাম :২৭০ টাকা