আমার গান স্টেজে উঠে নিজের বলে অনেকে গেয়ে দিচ্ছে!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫

কণ্ঠশিল্পী পলাশ সাজ্জাদ। অগণিত জনপ্রিয় গানের শিল্পী। দীর্ঘ ২ যুগের ক্যারিয়ারে অডিও ইন্ডাস্ট্রির নানা চড়াই-উত্রাইয়ের স্বাক্ষী। জনপ্রিয় এই শিল্পী বিস্তারিত কথা বলেছেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। সাক্ষাত্কার নিয়েছেন তানভীর তারেক

কেমন আছেন? এখন কী নিয়ে ব্যস্ত রয়েছেন?

আমি তো গান ছাড়া অন্য কোনোকিছু করতে শিখিনি, তাই গান নিয়েই আছি। গান নিয়েই থাকবো।

ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি অনেক চড়াই-উত্রাই পেরিয়েছেন। সেই জায়গা থেকে আজ ইন্ডাস্ট্রি যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেখানে আজকের অডিও শিল্প কোন অবস্থানে?

এখন তো আর কোনো অবস্থান দেখি না। আগে তো ক্যাসটে গান করাই আমার চাকরি ছিল। আমি বিয়ে-সংসার করার জন্য চাকরি শুরু করেছিলাম। সাউন্ডটেকের বাবুল ভাই ডেকে আমাকে বললেন প্রতিমাসে একটি করে ক্যাসেটে গান করতে হবে। সেভাবেই কিন্তু আমি বিভিন্ন হিন্দি গানের বাংলা বা টপটেন গায়ক হিসেবে কাজ শুরু করলাম। এরপর থেকে অগণিত মৌলিক গান জনপ্রিয় হয়েছে। এই পুরো জার্নিটাই কিন্তু আমার গান নিয়ে।

টপটেন সিঙ্গার এই তকমাটা কী আপনার জীবনের ভুল সিদ্ধান্তের ফল বলে মনে করেন?

অনেকটা ভুল। ভুলটা আসলে বয়সের। আবার আমি এভাবে দেখি, এত এত গান গাওয়ার সুযোগ পেয়েছি বলেই গান শেখার, রেকর্ডিংয়ের গেরিলা ট্রেনিং আমার তখনই হয়ে গেছে। আমি হয়তো ফ্রন্টলাইনে ছিলাম বলে আমার নামটাই এসেছে। কিন্তু টপটেন গানে আজকের কবির বকুল ভাই থেকে শুরু করে অনেক বড় বড় গীতিকার, মিউজিশিয়ান কাজ করেছে কিন্তু কেউই নাম ব্যবহার করেননি। আমার বিষয়টিই প্রচার বেশি পেয়েছে। এতে আমার আক্ষেপ অভিযোগ কিছু নেই। এসবই জীবনের অংশ। বাণিজ্যিকভাবে দীর্ঘদিন সফলতা দিয়েছি বিভিন্ন গানে।

আপনার আর রিজিয়া পারভীনকে নিয়ে বিভিন্ন সময় আপনাকে নিয়ে প্রেমের গুঞ্জন তৈরি হয়েছে। এ বিষয়ে কী বলবেন?

দেখুন, রিজিয়া আপা আমার সিনিয়র। আমি যখন গান শুরু করি তখন থেকেই তিনি তারকা। তাই তার সঙ্গে এ ধরনের সম্পর্কের কোনো ভিত্তি ছিল না আজো নেই। তবে হ্যাঁ, স্বীকার করি সেই গুঞ্জন তৈরি হয়েছিল। এমনকি আমার প্রাক্তন স্ত্রীও সন্দেহ করতেন। আমি এই যে টপটেন গান ছেড়ে দেওয়ার অনেকগুলো কারণের ভেতরে এটিও একটি কারণ।

স্বার্থপর, মা, খায়রুন লো, আজ পাশাসহ অগণিত গান আপনার দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এসব গান রিয়েলিটি শোতে অগণিত তরুণ গেয়ে থাকেন। কিন্তু কোথাও মূল শিল্পী হিসেবে আপনার নাম বলতে আমরা দেখিনি। বিষয়টিতে আপনার আপত্তি কতটা?

আপত্তি-প্রতিবাদ অনেক করেছি। দেখুন, বাইরের দেশে তো মূল শিল্পীকে এসব রিয়েলিটি শোতে বিশেষ অতিথি হিসেবে নিয়ে যাওয়া হয়। আমাদের দেশে সেসব না হয় বাদ দিলাম। যারা নবীন ওরা ভুল করতেই পারে। কিন্তু যারা অনুষ্ঠানগুলো পরিচালনা করেন বা যে উপস্থাপক সঞ্চালনা করেন তাদের তো সচেতন থাকা উচিত। এই অসম্মানের চর্চার কারণেই মিউজিক ইন্ডাস্ট্রিতে আজ হাহাকার। আমার অনেক হিট গান স্টেজে উঠে নিজের বলে অনেকে গেয়ে দিচ্ছে!

রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক ছিল। একটা স্মৃতির কথা শুনতে চাই...

কয়টা স্মৃতির কথা বলবো? বাচ্চু ভাইতো সবাইকে ভীষণ আপন করে নিতে জানতেন। প্রথম দেখায় মনে আছে, উনি বলেছিলেন আমার বড় বোন নিগার সুলতানা আপার সঙ্গে তিনি বাজিয়েছেন, এই বলে একেবারে কাছে ডেকে আত্মীয় বানিয়ে ফেললেন। এরপর থেকে অনেক আড্ডা কথা তার সুরে গান করেছি। তার সুরে মিক্সড অ্যালবামে আমি যে সুরটা পছন্দ করতাম বাচ্চু ভাই সেটিই গাওয়াতেন। আমাদের খুব অপ্রস্তুত রেখে তিনি চলে গেলেন। সারাদিনে বিভিন্ন অনুসঙ্গে তাই তাকে মনে পড়ে।