শঙ্কা ছিল। সেটিই এবার সত্যি হলো। চোটের কারণে আগামী মাসে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জোফরা আর্চার। ইংল্যান্ডের এই ফাস্ট বোলার খেলতে পারবেন না এ বছরের আইপিএলেও। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ডান কনুইয়ের চোটে ২৪ বছর বয়সি পেসার সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ তিনটিতে খেলতে পারেননি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট। স্ক্যান করানোর পর তার ডান কনুইয়ে চিড় ধরা পড়েছে বলে জানায় ইসিবি। আগামী জুনে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ফেরার লক্ষ্যে ইসিবির মেডিক্যাল টিমের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
