বিসিএলের দ্বিতীয় রাউন্ড আজ শুরু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড মাঠে গড়াচ্ছে আজ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। আজ দুটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে বিসিএলের প্রথম রাউন্ড ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মিরপুর স্টেডিয়ামে পূর্বাঞ্চল ইনিংস ব্যবধানে হারিয়েছিল মধ্যাঞ্চলকে। তামিম ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন। চট্টগ্রামে দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চলের ম্যাচেও ছিল রান বন্যা। ম্যাচটি ড্র হয়েছিল।

প্রথম রাউন্ডে জয় পাওয়া পূর্বাঞ্চল মূল একাদশের ছয় ক্রিকেটার হারিয়েছে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কারণে। তামিম-মুমিনুলদের হারালেও ইমরুল কায়েস, নাসির হোসেনদের পেয়েছে পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে এই ম্যাচটা সহজ হবে না পূর্বাঞ্চলের জন্য।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুশফিকুর রহিম ও ইমরুলরা। আজ শুরু হতে চলা দ্বিতীয় রাউন্ডে খেলবেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। উত্তরাঞ্চলের হয়ে খেলবেন মুশফিক।