শেষ দুই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যেত গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা। তবে এবার লিগের ক্লাবগুলো গ্রীষ্মকালীন দলবদল সময়সীমাকে আবারও ইউরোপের বাকি লিগগুলোর সমান করার পক্ষে ভোট দিয়েছে।
এ ভোটের ফলে আগামী ইংল্যান্ডের দলগুলোর গ্রীষ্মকালীন দলবদল আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হবে। গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের অংশীদারদের একটি সভায় এ ভোটটি গৃহীত হয়।
দুই মৌসুম আগে দলবদলের সময়সীমা সেপ্টেম্বরে শুরু থেকে এগিয়ে আগস্টের প্রথম সপ্তাহে নিয়ে আসা হয়েছিল। মূলত ক্লাব ও কোচদের অভিযোগই ছিল এর মূল কারণ। খেলা চলাকালীন দলবদল মৌসুম খোলা থাকলে খেলার ব্যাঘাত ঘটে, এমনই ছিল অভিযোগটি।
তখন প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আশা করেছিল ইউরোপের বাকি লিগগুলোও তাদের পদক্ষেপটি অনুসরণ করবে। তবে তাদের এ সিদ্ধান্তটি কোনো লিগই অনুসরণ করেনি, ফলে প্রিমিয়ার লিগের দলগুলোই উলটো বেশি বিপদের সম্মুখীন হয়। প্রায় বিশ দিনের মতো কম দলবদলের সময় পাওয়ায় খেলোয়াড় বেচা-কেনায় বেশ বিপত্তিতেই পড়তে হয় দলগুলোকে। যারই ফলশ্রুতিতে এ সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো।
