নগরীর রেডিসন ব্লু হোটেলে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী রিহ্যাব ফেয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রিহ্যাবের কাজ করা দরকার। মেয়র বলেন, রিহ্যাবের সদস্য না হয়ে অনেকে আবাসন ব্যবসা করছেন। আবাসন ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে রিহ্যাবের সদস্য হতে হবে—বাণিজ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের প্রতিফলন লক্ষ করা যাচ্ছে না। এখন থেকে সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বিষয়গুলো বিবেচনায় রেখে কাজ করবে। অনুষ্ঠানে রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, রিহ্যাবের সদস্য না হলে কোনো আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারি সংস্থাগুলো আবাসনের কোনো প্ল্যান পাস করতে রিহ্যাব সদস্যদের সঙ্গে আলোচনা করলে আবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আল আমিন কাজল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম চৌধুরী দোভাষ, রিহ্যাব সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ।
