একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত গণসংযোগ করছেন মাশরাফি বিন মুর্তজা। শনিবার থেকে মূলত নড়াইলে তার সশরীরে নির্বাচনী প্রচারণা শুরু হয়।
এদিন সকাল ১০টায় ঢাকার বাসা থেকে নড়াইলের উদ্দেশে রওনা হন তিনি। এর মধ্যে মাওয়া হয়ে কালনা ঘাটে পৌঁছান বেলা ১টায়। এ সময় সেখানে হাজারো ভক্ত ও দলীয় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
আর মাওনা ঘাট থেকে ১৮ কিলোমিটার রাস্তা পেরিয়ে নড়াইল শহরে আসতে মাশরাফির সময় লাগে ৫ ঘণ্টা। তাকে এক নজর দেখতে রাস্তার মোড়ে মোড়ে হাজার হাজার মানুষ দুপুর থেকে অপেক্ষা করেন। মানুষের ঢল সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।

গণসংযোগে ব্যস্ত মাশরাফি। ছবি: সংগৃহীত
মাশরাফি তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘দেরিতে আপনাদের মাঝে পৌঁছানোর জন্য আপনারা কষ্ট পেয়েছেন। এ জন্য দুঃখ প্রকাশ করছি।’
আরো পড়ুন: তাহির-নাওয়াজকে দলে ভেড়াল সিলেট
শনিবারের কার্য দিবসের পর রবিবার আবারো গণসংযোগে নামেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। এদিনও মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। যে পথ দিয়ে যান সেখানেই মাশরাফিকে শুভেচ্ছা জানায় মানুষ। যানবাহন থামিয়ে যাত্রীরা মাশরাফির সঙ্গে হাত মেলান। দোকানে দোকানে গিয়ে নিজের জন্য ভোট চান অধিনায়ক।

জনসভায় ভালোবাসায় সিক্ত মাশরাফি। ছবি: সংগৃহীত
এরপর নড়াইল আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের এই প্রার্থী। এ সময় তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বীরা শারীরিক ও মানসিক যেন কোনোভাবেই আঘাত না পান, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আইনজীবীসহ সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।
ইত্তেফাক/জেডএইচ
