সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৯

লক্ষ্মীপুর সদর হাসপাতাল অবহেলায়

রোগীর মৃত্যুর অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি চিকিত্সার অবহেলায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাদশা মিয়া (৫৫) নামে এক রোগী মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সে মারা যান। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ করেন স্বজন ও স্থানীয় এলাকাবাসী। নিহত বাদশা রায়পুর উপজেলার চরবংশী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।নিহতের স্ত্রী শাহানারা ও ছেলে শাহজাহান বলেন, বুধবার রাতে হার্টের ব্যথা নিয়ে বাদশাহকে সদর হাসপাতালে ভর্তি করান তারা। কিন্তু কোনো চিকিত্সক ও নার্স তাদের রোগীর যথাযথ চিকিত্সা সেবায় এগিয়ে আসেনি। এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, হার্টের সমস্যা নিয়ে রোগী ভর্তির পর চিকিত্সা চলছিল। হঠাত্ রোগীর মৃত্যুর বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তবুও কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অসহায় পরিবারের মধ্যে সোলার প্যানেল বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিকা) কর্মসূচির আওতায় অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে বৃহস্পতিবার সোলার প্যানেল (সৌরবিদ্যুত্) বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সদর উপজেলা হলরুমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস প্রমুখ।

প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা দুপচাঁচিয়া নবজাগরণ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন ও গাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার। ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন ও স্থানীয় এমপির অনুদান হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ির চাবি হস্তান্তর করেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার।

‘ধর্মীয় সহিষ্ণুতাবিষয়ক’ কর্মশালা সমাপ্ত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় ‘ধর্মীয় সহিষ্ণুতাবিষয়ক’ চার দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। নিউজ নেটওয়ার্ক আয়োজিত এবং কানাডিয়ান হাই কমিশনের ব্যবস্থাপনায় নিউজ নেট ওয়ার্কের প্রোগ্রাম স্পেসালিস্ট রেজাউল করিমের সভাপতিত্বে স্বাবলম্বী উন্নয়ন সমিতির হলরুমে অনুষ্ঠিত কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন জেলা প্রশাসক মইনউল ইসলাম।

ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ১০ বছর পূর্তি

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়ার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামীকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও আনন্দ অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক আলী আশরাফ এমপি, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি ও মো. শফিকুর রহমান এমপি। ঐদিনের কর্মসূচির প্রস্তুতি বিষয়ে কলেজ গভর্নিংবডির সভাপতি ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন বৃহস্পতিবার কলেজ অডিটরিয়ামে প্রেসব্রিফিং করেন।

শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

 উদ্যাপনে প্রস্তুতি সভা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা শাহজাদপুরে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে শহিদ স্মৃতি মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। অতিথি ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ এম আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান প্রমুখ।

মেধাবী ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠির বালিহারি গ্রামের অসহায়, দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মধ্যে বৃহস্পতিবার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বালিহারি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঐ শিক্ষাবৃত্তির নগদ টাকা বিতরণ করা হয়। কল্যাণ ট্রাস্টের সভাপতি নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী মো. জাকির হোসেনের সভাপতিত্বে স্থানীয় ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ এস এম জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক পরিমল চন্দ্র বিশ্বাস, সাংবাদিক মো. হালিমুর রহমান শাহিন ও হাফেজ মো. খলিলুর রহমান প্রমুখ।

বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালার নগরঘাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই এলাহী। প্রধান অতিথি ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু। সভায় আরো উপস্থিত ছিলেন পানি কমিটি নেতা অধ্যাপক হাশেম আলী ফকির, সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি সাংবাদিক মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা প্রমুখ।

শিক্ষককের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে শিক্ষকরা। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ হয়।  কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম হারুন অরি রশিদ বলেন, মামলার মূল আসামিরা আদালত থেকে জামিন নিয়ে আসায় তাদের গ্রেফতার করা সম্ভব নয়।