আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি নির্বাচনে স্বল্প ভোটার উপস্থিতি আমাদের ভাবিয়ে তুলেছে। সরকারি দল হিসেবে আমাদের বিশ্লেষণ করতে হবে উন্নয়নের জোয়ারে বড়ো বড়ো সফলতার পরেও তা ভোটারদের কেন আকৃষ্ট করতে পারল না। তিনি গতকাল বৃহস্পতিবার পাবনায় রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম গতকাল সন্ধ্যায় শহরের মোজাহিদ ক্লাব মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন। পরে পাবনা জেলা পরিষদ নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সহকারী প্রকৌশলী রেজাউল হক, জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। পরে মোহাম্মদ নাসিম সদ্যপ্রয়াত জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ও পরিবহন নেতা ওয়াজিউদ্দিন খানের বাসভবনে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল, চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
