যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪১

যে কাজটা সাকিব-তামিম-মুশফিকদের দলটা ২০০৬-এ পারেনি, যে অর্জন মিরাজ-জাকিরদের দল ২০১৬ সালে দেশের মাটিতেও পারেনি, সে কাজটাই করে দেখাল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠে গেছে বাংলাদেশের যুবারা।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে টপ ফেভারিট হিসেবে দক্ষিণ আফ্রিকা যাওয়া দলটা এই নিউজিল্যান্ডের কাছেই গুটিয়ে গিয়েছিল মোটে ১১২ রানে। ফলে শেষ চারে পরে ব্যাটিং করা বাংলাদেশের লক্ষ্যটা মোটে ২১২ রানের হলেও একটা শঙ্কাও ছিল বৈকি!

৩২ রানে উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন আর তানজিদ হাসান ফিরে গেলে সে শঙ্কাটা ফিরে ফিরে আসছিল বাংলাদেশ শিবিরে। বিরুদ্ধ স্রোতে হালটা ধরেন মাহমুদুল হাসান জয় আর তৌহিদ হূদয়। দুই জনের ৬৮ রানের জুটিতে বাংলাদেশ প্রাথমিক ধাক্কা সামলায়।

তবে দলীয় শতরানে হূদয় ব্ল্যাক ক্যাপ বোলার আদিত্য অশোকের দারুণ টার্নে বিভ্রান্ত হলে তৃতীয় উইকেট হারায় দল। এরপর জয়ের সঙ্গে আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো শাহাদাত হোসেনের করা ১২৫ বলে ১০১ রানের জুটিতে সব শঙ্কা মিলিয়ে যায়। সেঞ্চুরি করলেও অবশ্য ম্যাচটা শেষ করে আসতে পারেননি জয়, ফিরেছেন শতক হাঁকানোর পরের বলেই। বোলার জেসে তাশকফের হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

ইনিংসের ৪৩তম ওভারে তার ফেরায় অবশ্য বাংলাদেশের জয়ে খুব একটা সমস্যা হয়নি। পরের ওভারেই ১০ রান তুলে খেলাটা শেষ করেন শামিম হোসেন ও শাহাদাত।

এর আগে সহজ জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন বোলাররাই। শরিফুল ইসলামের পেস আর শামিম, রাকিব আর মুরাদদের ঘূর্ণিতে ৭৪ রানেই ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর অবশ্য বেকহ্যাম হুইলার আর নিকোলাস লিডস্টোন মিলে একটা জুটি দাঁড় করিয়েছিলেন ৬৭ রানের।

দলীয় ১৪১ রানে শরীফুলের শিকার হয়ে লিডস্টোনের বিদায়ের পর কেবল অপর প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলই দেখেছেন হুইলার। ফলে তার ৭৫ রানের ইনিংসটা কেবল দলীয় সংগ্রহটাকে ভদ্রস্থই বানিয়েছে, যা টপকাতে বাংলাদেশের তেমন বেগই পেতে হয়নি।

বাংলাদেশ দলকে জেপির

অভিনন্দন

আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে বাংলাদেশ দল ফাইনালে উন্নীত হওয়ায় দলের খেলোয়াড়, কোচ এবং অন্য কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।

এই প্রথম বাংলাদেশ আইসিসি কর্তৃক আয়োজিত কোনো টুর্নামেন্টে ফাইনালে উন্নীত হলো। একই সঙ্গে মাহমুদুল হাসান জয় শতরান করায় এবং ম্যাচসেরা হওয়ায় বিশেষভাবে তাকে আন্তরিক অভিনন্দন জানান নেতৃদ্বয়। জেপি নেতৃদ্বয় আশা করেন বাংলাদেশ দল তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখবে।