লালমোহনে বিএনপির হামলায় যুবলীগের ৩ নেতাকর্মী আহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬

ভোলার লালমোহনে বিএনপির নেতাকর্মীদের হামলায় যুবলীগের ৩ নেতা আহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মার্শাল হিমুর বাসভবনের সামনে তারা এ হামলার শিকার হন। ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন, পৌরসভা ৯নং ওয়ার্ড যুবলীগের কর্মী বিল্লাল, সুমন ও ছাত্রলীগ কর্মী জয়নাল। তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের নেতা নাফিজ ও ছাত্রদলের ফোরকান ৩ যুবলীগ কর্মীকে তাদের বেদম মারপিট করে। অন্যদিকে পৌরসভার ১১নং ওয়ার্ডে বকসী বাড়ির সামনে ছাত্রলীগ কর্মী জয়নাল বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে।

আরো পড়ুন: 

আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন আহতদের দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি বলেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন তারা আইন নিজের হাতে তুলে নিবেন না। সুযোগ পেলে সন্ত্রাসীদের ধরে পুলিশের কাছে তুলে দিবেন।

মেজর হাফিজকে উদ্দেশ্য করে এমপি শাওন বলেন, মেজর হাফিজ ভোট করতে আসেননি, তিনি এসেছেন সন্ত্রাসী করতে। ঢাকা থেকে সন্ত্রাসী নিয়ে এসে একের পর এক লালমোহনের শান্ত পরিবেশকে ঘোলাটে করছেন। বাড়ির ভেতরে তিনি দলীয় সন্ত্রাসীদের নিজে কমান্ড ট্রেনিং দিচ্ছেন। এসব বাহিনী দিয়ে কিছুই হবে না।

ইত্তেফাক/বিএএফ