আমতলীতে ৪৮ লাখ টাকা ছিনতাইয় মাইক্রোবাস চালকসহ চার জন আটক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৮

আমতলী (বরগুনা) প্রতিনিধি

তিন ম্যানপাওয়ার কোম্পানির শ্রমিকদের বেতনের ৮১ লাখ ৬৭ হাজার টাকা বহনকারী মাইক্রোবাস থেকে ৪৭ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আমতলী-কুয়াকাটা মহাসড়কের টিয়াখালী কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ মাইক্রোবাসের ভেতরে থাকা বাকি ৩৩ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, আরইডব্লিউ, এসইডব্লিউ ও জেটি ট্রেডার্স নামের তিন ম্যানপাওয়ার কোম্পানির পাঁচ শতাধিক শ্রমিক পায়রা তাপ বিদ্যুেকন্দ্রে কাজ করছেন। জানুয়ারির বেতন দেওয়ার জন্য কোম্পানি তিনটি ব্যাংক থেকে টাকা তুলে বরিশাল থেকে মাইক্রোযোগে (ঢাকা মোট্রো-চ-৫১-৫৭৬১) কলাপাড়া তাপ বিদ্যুেকন্দ্রে আসছিল। পথে মাইক্রোটির গতিরোধ করে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারী দলটি মুহূর্তের মধ্যেই  কুপিয়ে পেছনের এবং ডান পাশের কাচ ভেঙে গাড়ির ভেতরে প্রবেশ করে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে কাঁচা সড়কে নিয়ে যায়। সেখানে নিয়ে গাড়িতে থাকা লোকদের মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তানভিন ও ঝুনু প্রতিরোধ করলে তাদের কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ মাইক্রোবাসচালক আবু বক্করকে আটক করে। ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত ঝুনু ও তানভীনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, মাইক্রোর মধ্যে ছিনতাইকারীরা একটি মোবাইল ফেলে যায়। ঐ ফোনের সূত্র এবং বুধবার রাতে আটক মাইক্রোচালক আবু বক্করের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে সোলায়মান, নাজমুল, বেল্লালকে আটক করে। সারাদিন তিনি আমতলী থানায় উপস্থিত থেকে ছিনতাইয়ের বিষয়টি তদারকি করছেন। পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ছিনতাইয়ের পরে মাইক্রোর ভেতর থেকে ৩৩ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি টাকা উদ্ধারের তত্পরতা অব্যাহত রয়েছে।