ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতী সীমান্ত থেকে পিস্তল, গুলি ও রামদাসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুরের ডিবি পুলিশ ও ঝিনাইগাতী থানা পুলিশের যৌথ অভিযানে গজনী অবকাশ কেন্দ্র থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই জনসহ ছয় জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন : গজনী গ্রামের কুইং মারাক ও নিকি মারাক। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়। পরে ডিবি পুলিশ চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো চার জনকে গ্রেফতার করে। এরা হলো: ধানশাইল গ্রামের জহুরুল, ডাকাবর গ্রামের জয়নাল, আয়নাল ও রামেরকুড়া গ্রামের আনোয়ারুল চিক্কু।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এ ব্যাপারে কুইং মারাক ও নিকি মারাকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা ও অপর চার জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃতদের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হয়।
