চন্দনাইশে ফসলি জমির টপসয়েল বিক্রির হিড়িক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশে শত শত একর ফসলি জমির ওপরিভাগের মাটি অর্থাত্ টপসয়েল বিক্রির হিড়িক পড়েছে। গ্রীষ্ম মৌসুমের শুরুতেই উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির দৃশ্য চোখে পড়ার মতো। এতে করে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। যার কারণে বর্ষা মৌসুমে পানির নিচে তলিয়ে যায় এসব ফসলি জমি এবং দিন দিন কমে যাচ্ছে ফসলি জমির পরিমাণ। 

উপজেলার জোয়ার এলাকার কৃষক ফজল আহমদ ও বরকলের নুরুল আলম জানান, একটি জমির মাটি বিক্রি করে দিলে তার গভীরতার কারণে আশপাশের জমির মাটিও বাধ্য হয়ে বিক্রি করে দিতে হয়। অন্যথায় বর্ষার সময় ওপরি জমির মাটি ভেঙে পড়ে। এতে ঐ জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে। উপজেলার হাশিমপুর, জোয়ারা, বরকল, জামিজুরী ও সাতবাড়িয়া এলাকায় ফসলি জমির মাটি কেটে নিয়ে বিভিন্ন ইটভাটা ও ভিটাবাড়ি ভরাট কাজে সরবরাহ করা হচ্ছে। এছাড়া মাটি ভর্তি ট্রাক চলাচলের কারণে সড়কগুলো বেহাল হয়ে পড়েছে বলে জানান তারা।

উপজেলার হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমঙ্গীরুল ইসলাম চৌধুরী বলেন, যত্রতত্র মাটি কাটা নিয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।  চন্দনাইশ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।