রংপুর-ঢাকা মহাসড়কের ৭০ কিলোমিটার এলাকা নিরাপত্তার চাদরে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৪১

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো রংপুর-ঢাকা মহাসড়কের ৭০ কিলোমিটার এলাকা। নীলফামারীর সৈয়দপুর থেকে তারাগঞ্জ, রংপুর, মিঠাপুকুর শঠিবাড়ি পীরগঞ্জ পর্যন্ত পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সড়কের দুইপাশে অবস্থান নিয়েছে।

সকাল সাড়ে ১১টায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। রংপুরের পীরগঞ্জে জনসভা শেষে সড়ক পথে তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার বাড়ি ফতেহপুর যান। সেখানে জোহরের নামাজ আদায় করে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনময় করেন। সেখান থেকে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেন।

আরও পড়ুনঃ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত: তোফায়েল

সড়ক মহাসড়কে দূর পাল্লার অল্পসংখ্যক বাস বিকল্প পথে চলাচল করেছে। ছোট যানবাহন চলতে দেওয়া হয়নি। মহাসড়কে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মশিউর রহমান জানান, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আমরা নিরাপত্তার জন্য সড়কে কাজ করছি। অটোরিকশা, থ্রি হুইলারসহ ছোট ছোট যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।'

ইত্তেফাক/নূহু