মালালার হামলাকারী জেল থেকে পালিয়েছে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

 

শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইকে গুলি করে গুরুতর আহত করা এক সন্ত্রাসী জেল থেকে পালিয়ে গেছেন। পালানোর পর এক অডিও বার্তায় হামলাকারী নিজেই তা স্বীকার করেছেন। তবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি।

মালালাকে গুলি করা ছাড়াও এহসানুল্লাহ এহসান নামে ওই সন্ত্রাসী ২০১৪ সালে পেশোয়ারে এক স্কুলে হামলায় ১৩২ জন শিশু নিহত হওয়ার ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন।  বৃহস্পতিবার তার অডিওবার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওবার্তায় বলা হয়, ‘আল্লাহর ইচ্ছায় গত ১১ জানুয়ারি আমি নিরাপত্তা বাহিনীর বন্দিদশা থেকে পালাতে সক্ষম হই।’

এহসান বলেন, পরবর্তীকালে নিজের বন্দিদশা নিয়ে বিস্তারিত জানাবেন। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক ধরনের সমঝেতায় তিনি আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু সেই সমঝোতা অনুযায়ী কাজ করা হয়নি। তিনি বলেন, ‘আমি তিন বছর ধরে তাদের চুক্তি মেনে চলেছি। কিন্তু তারা মানেনি। তাই আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। খবর এনডিটিভির।

২০১২ সালে তালেবান সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন মালালা। তাকে যুক্তরাজ্যে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। সুস্থ হলেও নিরাপত্তা শঙ্কায় তিনি আর বাড়ি ফিরতে পারেননি। পরবর্তীকালে বিশ্বে নারী অধিকার আন্দোলনের প্রতীক হয়ে উঠেন মালালা। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান তিনি।