ইউজিসির ভর্তি বন্ধের নির্দেশনা প্রত্যাখ্যান

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক একাডেমিক ভবনে তালা, বিক্ষোভ সমাবেশ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৬

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভর্তি বন্ধের নির্দেশনা প্রত্যাখ্যান করে প্রশাসনিক-একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষার্থীরা এ সময় বিভাগটির অনুমোদন দাবি করেন।

এর আগে গত বৃহস্পতিবার ইউজিসির এক সভায় সিদ্ধান্ত হয়, আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে আর কোনো শিক্ষার্থী ভর্তি করা হবে না। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ঐদিন রাত থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের নিচে বিক্ষোভ প্রদর্শন করে। গতকাল শুক্রবার তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

ইতিহাস বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, ইতিহাস বিভাগ আমাদের অস্তিত্ব। আমরা চাই না এ বিভাগটি বন্ধ হয়ে যাক। আমাদের বিভাগকে ইউজিসি অনুমোদন না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ইউজিসির এক সভায় বিভাগটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুষ্ঠুভাবে সমাপ্ত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের             কথা বলা হয়েছে। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে ২০১৭ সালে ইউজিসির অনুমোদন ছাড়াই যাত্রা শুরু করে ইতিহাস বিভাগ। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী রয়েছেন।