যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। সম্ভাব্য আরো আক্রান্তদের কোয়ারানটাইন সেন্টারে রাখার জন্য সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কাছে ১১টি সামরিক ঘাঁটিতে কোয়ারানটাইন সেন্টার স্থাপন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় পেন্টাগনকে এই প্রস্তুতি নিতে বলেছে। ইতিমধ্যে পেন্টাগন ১ হাজার মানুষের থাকার ব্যবস্থা করতে রাজি হয়েছে। যেখানে রোগীদের জন্য ডাক্তারসহ সব যন্ত্রপাতির ব্যবস্থা থাকবে। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। চীনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।
এদিকে জাপানে যে প্রমোদতরিতে এখন পর্যন্ত ৬১ পর্যটক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিন জন মার্কিনি রয়েছেন। তরিটি উপকূলে ভিড়তে না দিয়ে সেটি কোয়ারানটাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
