গৌরনদীতে অস্ত্রসহ গ্রেফতার ৩

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫

বরিশালের গৌরনদীতে নাশকতার জন্য গোপন বৈঠককালে এক প্রধান শিক্ষকসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিএনপি নেতা ও  শাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ মাহমুদ হিরো (৪৯), কটকস্থল গ্রামের রাজ্জাক প্যাদা (৩৫) ও কামরুল সরদারসহ (২২)।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ কটকস্থল গ্রামের মরহুম সিকদার হাবিবুর রহমানের বাঁশ বাগানের মধ্যে আশরাফ মাহমুদ হিরো, রাজ্জাক প্যাদা ও কামরুল সরদারসহ বেশ কয়েকজন নির্বাচন বানচাল ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিল। এ সময় স্থানীয় জনতা টের পেয়ে একটি রামদা মোবাইল ফোনসহ উক্ত তিন জনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। এ সময় বাকীরা পালিয়ে যায়।

আরো পড়ুন: চান্দিনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

তিনি আরো জানান, এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজেল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করলে আদালত তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

ইত্তেফাক/বিএএফ