উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় ট্রেন রামসাগর এক্সপ্রেস পুনরায় চালুর দাবীতে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী লালমনি আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন ৩০মিনিট অবরোধ করে রাখা হয়।
এলাকাবাসীর ব্যানারে শনিবার দুপুর ১২টা ২২মিনিট থেকে ১২টা ৫২মিনিট পর্যন্ত ট্রেন অবরোধ করে রাখার এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, রেলওয়ে কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী ও কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন।
পরে রেলওয়ের লালমনিরহাট ডিভিশনাল ট্রাফিক সুপারেন্টেন (ডিটিআই) স্নেহাশীষ চন্দ্র দাসের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয়া হয়। তবে মঙ্গলবারের মধ্যে রামসাগর এক্সপ্রেস পুনরায় চালু না হলে বুধবার ঢাকাগামী সকল ট্রেন বোনারপাড়া স্টেশনে ১ ঘণ্টা অবরোধ করে রাখার কর্মসূচি ঘোষণা করেন সাঘাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন।
অবরোধ চলাকালে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে ২০১০ সালের ডিসেম্বর মাসে আন্তঃনগর রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু করে। ট্রেনটি বোনারপাড়া জংশন থেকে প্রতিদিন সকাল ৬টায় দিনাজপুর উদ্দেশ্যে ছেড়ে যেতো। মাত্র সাড়ে চার ঘণ্টায় কাউনিয়া, রংপুর ও পার্বতীপুর হয়ে দিনাজপুর পৌঁছাতো। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছে ট্রেনটি জনপ্রিয় উঠে। কিন্তু চালুর হওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে ২০১১ সালের মে মাসে জনবল সংকটসহ বিভিন্ন কারণ দেখিয়ে হঠাৎ করে রামসাগর এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়। ফলে আবারও বিপাকে পড়তে হয় গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের মানুষকে। রামসাগর ট্রেনটি পুনরায় চালু হলে গাইবান্ধাসহ কয়েক জেলার মানুষের দুর্ভোগ লাঘব হবে।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদ, মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, প্রভাষক শাহ আলম, ঠিকাদার শামছুল হক সরকার, উপজেলা শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেন।
রেলওয়ের লালমনিরহাট ডিভিশনাল ট্রাফিক সুপারেন্টেন (ডিটিআই) স্নেহাশীষ চন্দ্র দাস জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।
ইত্তেফাক/জেডএইচ

