আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির মস্তকবিহীন ৭ টুকরা লাশ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:৩২

সাভার উপজেলার আশুলিয়া থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মস্তকবিহীন সাত টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া আমেনা মসজিদের কাছে একটি সড়কের পাশ থেকে লাশের টুকরাগুলো উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। লাশের টুকরাগুলোর পেটের অংশের নিচে তিনটি গুলির চিহ্ন রয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই চোখ উঠানো এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আশুলিয়া পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে ফজরের নামাজের জন্য স্থানীয়রা মসজিদে যাচ্ছিলেন। এ সময় নিশ্চিন্তপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের পাশে বড় পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখতে পান তারা। পলিথিন ব্যাগটিতে রক্তের দাগ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। সন্দেহ দূর করতে ব্যাগটি নাড়াচাড়া করতেই মানবদেহের বিভিন্ন অংশের টুকরো দেখতে পেয়ে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানায় তারা। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত যুবকের মস্তকবিহীন সাত টুকরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, লাশের টুকরাগুলোর সাথে কোনো জামাকাপড় ছিল না। ধারণা করা হচ্ছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে লাশটি টুকরা টুকরা করে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেয়া হয়েছিলো। সোমবার রাতের কোনো এক সময় পলিথিনে ভর্তি মৃতদেহের খণ্ডিত অংশগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, মরদেহের টুকরাগুলো ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা  জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহতের নাম  মোঃ শাকিল (১৮)। গতকাল সোমবার সকালে উপজলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকা থেকে দুই চোখ উঠানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত শাকিল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়ার আবু বকরের ছেলে। সোনারগাঁও তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান,গতকাল সোমবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া কবরস্থানের পাশে একটি লাশ দেখে এলাকাবাসী খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা অটোরিকশা চালকের দু’চোখ তুলে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

আশুলিয়ায় পোশাক শ্রমিক ও শিশু খুন

আমাদের স্টাফ রিপোর্টার জানান, সাভার উপজেলার আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক পোশাক শ্রমিক ও এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পোশাক শ্রমিক ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া থেকে গৃহবধূ ও গোমাইল বাংলাবাজার এলাকা থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলো- বগুড়ার শিবগঞ্জ এলাকার ধলু শেখের মেয়ে শ্যামলী খাতুন (২৫) এবং গোমাইল বাংলাবাজার এলাকার বাবুল পালোয়ান বাড়ির ভাড়াটিয়া মামুনুর রশিদের মেয়ে ফুলমতি আক্তার (১০)। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, নিহত পোশাক শ্রমিক ও শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।