বাজারে বিভিন্ন কোম্পানির তেল, চা ইত্যাদি বোতল বা প্যাকেট জাত করে বিক্রি করা হয়। এসব প্যাকেট বা বোতলের গায়ে পণ্যটির সর্বোচ্চ খুচরা মূল্য কোম্পানি লিখে দেয়। সে সব পণ্য গায়ে লেখা মূল্যের চেয়ে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি করা হয়। উদাহরণ হিসেবে উলেখ করা যায়, একটি চা কোম্পানি ২০০ গ্রাম চায়ের প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য ১১০ টাকা লিখে দিয়েছে। কিন্তু খুচরা বিক্রেতা সেই চা বিক্রি করছে ১০০ টাকায়। তাহলে ঐ পরিমাণ চায়ের প্রকৃত খুচরা মূল্য কত? ১১০ টাকা না ১০০ টাকা? কোম্পানির মূল্য যদি ১১০ টাকা হয়, তবে খুচরা বিক্রেতা সেই চা ১০০ টাকায় বিক্রি করছে কিভাবে? প্রতি প্যাকেটে সে কি ১০ টাকা লোকসান দিচ্ছে? নিশ্চয় না। তাহলে বিক্রেতা কেন কোম্পানির উলিখিত দামে বিক্রি করে না? আবার প্রকৃত খুচরা মূল্য ১০০ টাকা হলে কোম্পানি প্যাকেটের গায়ে ১১০ টাকা লিখছে কেন? তাহলে কি ধরে নেব যে, ভোক্তাদের সঙ্গে পণ্যের মূল্য নিয়ে তামাশা করা হচ্ছে! পরিশেষে, পণ্যের প্রকৃত সর্বোচ্চ খুচরা মূল্যই প্যাকেট বা বোতলের গায়ে লিখে দেওয়ার জন্য কোম্পানি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে আশা করি।
মো. মুরশীদ আলম
জলেশ্বরী তলা, পৌরসভা লেন, বগুড়া
