বুথফেরত সমীক্ষায় ফের কেজরিওয়ালেরই জয়জয়কার। দিল্লির বিধানসভার ভোটগ্রহণ পর্ব শেষ হতে বিভিন্ন টিভি চ্যানেলে যে বুথফেরত সমীক্ষা দেখানো হয়, তার সবগুলোতেই বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। গতবারের মতো এবারও প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস। গতকাল অনুষ্ঠিত ভোটের আনুষ্ঠানিক ফলাফল জানা যাবে ১১ ফেব্রুয়ারি। এবার জিতলে তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিওয়াল। খবর আনন্দবাজার পত্রিকা, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির
বুথ ফেরত সমীক্ষা সবসময়ই সত্য হয় না। বহু সময়ে বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলে না তাও প্রমাণিত। তবু সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা স্বীকৃত। এরই ভিত্তিতে এবারের ফলাফলের আগাম আভাস। গতকাল টাইমস নাও’র সমীক্ষায় দেখা গেছে, ৭০টি আসনের মধ্যে এবার ৪৪টিতে জয়ী হতে পারে আপ। এনডিটিভি সমীক্ষা বলছে, আপ ৫৬ টি আসন পেতে পারে যেখানে বিজেপি ১৪ ও কংগ্রেস কোনো আসনই পাবে না। বিজেপি পেতে পারে ২৬টি আসন। নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫০-৫৬টি আসনে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন। সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে দরকার ৩৬টি আসন।
সুদর্শন নিউজের সমীক্ষায় দেখা যায়, ৪০-৪৫টি আসনে জয়ী হতে পারে কেজরিওয়ালের দল। ২৪-২৮টি আসন যেতে পারে বিজেপির দখলে। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন। রিপাবলিক-জন বাতের সমীক্ষাতেও এগিয়ে আপ। তাদের দাবি, এবার ৪৮-৬১টি আসন পেতে পারে তারা। ৯-২১টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস পেতে পারে একটি আসন।
ইন্ডিয়া নিউজ-নেতার দাবি, ৫৩-৫৭টি আসন পেতে পারে কেজরিওয়ালের দল। ১১-১৭টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ০-২টি আসন। টিভি নাইন ভারতবর্ষ সিসেরোর সমীক্ষাতেও এগিয়ে আপ। তাদের দাবি, ৫৪টি আসন পেতে পারে আপ। বিজেপি পেতে পারে ১৫টি এবং কংগ্রেস একটি। ইন্ডিয়া টিভির সমীক্ষায় ৪৪টি আসন পেয়ে বিজেপির থেকে এগিয়ে রয়েছে আপ। বিজেপি ২৬টি আসন পেতে পারে বলে দাবি তাদের। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন। এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষায় ৪৪-৬৩টি আসন পেয়ে এগিয়ে আপ। বিজেপি পেতে পারে ৫-১৯টি আসন। কংগ্রেসের ঝুলিতে ০-৪টি আসন যেতে পারে।
